অপূর্ব সুন্দর দেশ আমাদের বাংলাদেশ। যত গহীনে যাওয়া যায় তত যেন এর নতুন রূপ ফুটে ওঠে, আরও মুগ্ধ হই, আরও অবাক হই, আরও উদ্যত হই নতুনকে খুঁজতে। চোখের ক্ষুদা মেটে না, তার প্রয়োজনও নেই। প্রকৃতির রশদও যে অফুরন্ত। একই গাঙচিল কতবার দেখেছি আকাশে। তবু আবার যখন দেখি নতুন লাগে। বছরের পর বছর ঘুরে ঘুরে আসে শরত, নতুন করে ফোটে শিউলি। থেমে কি যায় কবির কলম, আবারও কি কাগজে ফোটে না নতুন কবিতা?
এজন্যই হয়ত এদেশকে এত ভালোবাসি আমরা। ভালোবাসার নায়ে পাল তুলে এই ছুটিতে ঘুরে বেড়ালাম রাঙামাটির বরকল। রূপ তার অপূর্ব, এখনো অনেক কিছুই অনাবিষ্কৃত। যাও বা আবিষ্কৃত তাও কি সব হয়েছে দেখা? কেমন হবে যদি ক্ষরস্রোতা কর্ণফুলীতে নাও বাইতে বাইতে চলে যাওয়া যায় আরও গহীনে? রাঙ্গামাটির বরকলের এই দূর্দান্ত রূপ আমাকে মুগ্ধ করেছে, এখানকার প্রকৃতির মায়া আমাকে বরন করে নিয়েছে ছাড়তেই চাচ্ছে না আমাকে ।
